বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ'র শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট

Published On Sep 16, 2026

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট। জ্যাকসন হাইটসের সানাই পার্টি সেন্টারে ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু। প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা এ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার, উপদেষ্টা এ্যাডভোকেট মিয়া মোহাম্মদ জাকির, সহ-সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল করিম জুয়েল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, নির্বাহী সদস্য মো. শামীম হোসেন, বাংলাদেশের সাবেক সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু প্রমুখ।

অনুষ্ঠানে কমিটির দুই কর্মকর্তা শপথ গ্রহণ করেন। সবশেষে র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশি সংস্কৃতি, সম্প্রীতি ও পারিবারিক বন্ধনকে উদযাপনের লক্ষ্যেই এ বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী মরিয়ম মারিয়া ও সজীব। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।উপস্থিত অতিথিরা তাদের পরিবেশনা উপভোগ করেন ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রবাসে বসবাস করেও বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক শিকড়ের সংযোগ আরও গভীর করাও এ ধরনের অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।

ল’ সোসাইটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও কমিউনিটির ঐক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার মো: আকমাম খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আতিকুর রহমান শাবু অংশগ্রহণকারী শিল্পী, অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।